প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১০:১৫ AM

সংগৃহীত ছবি
বাংলাদেশি চলচ্চিত্র ‘নীলপদ্ম’ আন্তর্জাতিক অঙ্গনে অর্জন করল নতুন এক গৌরব। জাপানের মর্যাদাপূর্ণ টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে সিনেমাটি।
তৌফিক এলাহীর পরিচালনায় নির্মিত এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। যৌনকর্মীদের জীবনের বাস্তবতা, সামাজিক পরিচয় ও অধিকারের লড়াই নিয়েই গড়ে উঠেছে ‘নীলপদ্ম’-এর কাহিনি। কেন্দ্রীয় চরিত্রে রুনা খানের সাবলীল ও সাহসী অভিনয় ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।
ছবির নির্মাতা তৌফিক এলাহী জানিয়েছেন, “এই উৎসবে অনেক প্রতিযোগী ছবি ছিল। ‘নীলপদ্ম’ যে তাদের পেছনে ফেলে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পাবে, সেটা ভাবিনি। এটি আমার গবেষণাধর্মী নির্মাণ, তাই এই সম্মান আরও তাৎপর্যপূর্ণ।”
তিনি বলেন, “এই পুরস্কার শুধু আমার নয়— শিল্পী, কলাকুশলী, প্রযোজকসহ পুরো টিমের প্রাপ্তি। কর্তৃপক্ষ ই-মেইলে আগেই জানিয়েছিল, তবে আমি একটু দেরিতে চেক করেছি, তাই খবর দিতে দেরি হলো।”
এর আগে সিনেমাটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। একই সঙ্গে অংশ নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এও।
‘নীলপদ্ম’-এ আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। বর্তমানে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
গভীর বাস্তবতানির্ভর গল্প, শক্তিশালী অভিনয় এবং নির্মাণশৈলীর কারণে ‘নীলপদ্ম’ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশি চলচ্চিত্রের মর্যাদা আরও একধাপ এগিয়ে নিল।
স্বদেশ প্রতিদিন/এনআর