প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৬:৫৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে এক যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
রোববার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক একেএম মাসুম জানান, বিদ্যালয়ের পানি ব্যবহারে ব্যবহৃত মোটরটি খুলে নিয়ে স্থানীয় যুবলীগ নেতা আজিম রানা তা তার পুকুরের পানি সেচের কাজে ব্যবহার করেন।
রোববার সকালে স্কুলে এসে মোটরটি নষ্ট অবস্থায় দেখতে পান তিনি।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আজিম রানাকে জিজ্ঞাসা করলে, সে আমার শার্টের কলার ধরে মুখে-নাকে কিল-ঘুষি মারতে শুরু করে। আমি বাধ্য হয়ে স্কুল অফিস কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষা করি।’
ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘স্কুল চলাকালীন সময়ে স্থানীয় যুবক আজিম রানা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং শিক্ষককে লাঞ্ছিত করার সত্যতা পাই। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালানো হয়, তবে তিনি পলাতক ছিলেন।’
এ ঘটনায় শিক্ষক মাসুম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আজিম রানা বিদ্যালয়ের পাশের বাসিন্দা এলাছ উদ্দিনের ছেলে এবং তার বিরুদ্ধে আগেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের চেষ্টা করেন, যা নিয়ে প্রতিবাদ করায় শিক্ষককে মারধর করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম