ইতালির ভেনিসে তিন দিনব্যাপী রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজ। বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার এক বর্ণাঢ্য পার্টির মধ্য দিয়ে শেষ হয় এই বিয়ের অনুষ্ঠান।
আরও পড়ুন
এই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, এলটন জন, লেডি গাগা, ইভাঙ্কা ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও তারকারা। প্রায় ২০০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানে নিরাপত্তা ও গোপনীয়তা এতটাই কঠোর ছিল যে, ভেন্যুতে প্রবেশের পর কোনো অতিথির ছবি আর বাইরে আসেনি।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ভেনিসের মধ্যযুগীয় গির্জা ‘মাদোনা দেল অর্তোয়’ এবং আর্সেনালে অবস্থিত একটি প্রাচীন জাহাজ কারখানায়। আয়োজনের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫.৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকার সমপরিমাণ। এই ব্যয়বহুল আয়োজনে ভেনিস শহরের অতিরিক্ত আয় হতে পারে প্রায় ১১০ কোটি ডলার।
তবে এত বিশাল আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। অতিরিক্ত পর্যটন, যানজট ও পরিবেশগত চাপে শহরের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন তারা। ‘নো স্পেস ফর বেজোস’ ব্যানার নিয়ে বিয়ের আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভও করেছেন স্থানীয় বাসিন্দারা।