প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:২৮ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রকাশ করায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিকদের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প এই দাবি জানান। তিনি লেখেন, “সিএনএন ও নিউইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রতিবেদকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত!” একই সঙ্গে সাংবাদিকদের ‘খারাপ মানুষ’ বলে অভিহিত করেন তিনি।
আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, “গুজব হচ্ছে যে ব্যর্থ নিউইয়র্ক টাইমস এবং ভুয়া সংবাদমাধ্যম সিএনএন ইরানের পারমাণবিক স্থাপনাসংক্রান্ত ভুয়া প্রতিবেদন তৈরি করা সাংবাদিকদের বরখাস্ত করবে, কারণ তারা বিষয়টি চরমভাবে ভুলভাবে উপস্থাপন করেছে।”
উল্লেখ্য, সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমস সম্প্রতি একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস না হয়ে কেবল কিছু মাস পিছিয়ে গেছে।
জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ডও এই প্রতিবেদনগুলোর সমালোচনা করে বলেন, এসব মূল্যায়ন “কম আত্মবিশ্বাসের ভিত্তিতে লেখা” এবং “প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁস করা হয়েছে।”
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
স্বদেশ প্রতিদিন/এনআর