প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১:৫৩ AM আপডেট: ২৫.০৬.২০২৫ ১২:৪৩ PM

হলিউডে আবারও নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জো মারিনেল্লি আর নেই। গত রবিবার (২২ জুন), ৬৮ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা লি জে. ম্যাকক্লসকি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে ম্যাকক্লসকি লিখেছেন, ‘আমি জানতাম জো অসুস্থ ছিল। তবে তার অদম্য মনোবল আমাকে সবসময় মুগ্ধ করেছে। এই লড়াই ছিল কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু জো ছিলেন সত্যিকারের এক চ্যাম্পিয়ন।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘জো শুধু প্রতিভাবান অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক অনন্য মানুষ- একজন শিক্ষক, দার্শনিক বন্ধু ও অনবদ্য গল্পকার। শিল্প আর সংগীতের প্রতি তাঁর পরিবারের ভালোবাসা ছিল অসাধারণ। তাঁকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত।’
১৯৫৭ সালে কনেকটিকাটে জন্ম নেওয়া জো মারিনেল্লি অভিনয়ে আগ্রহী হন কৈশোরেই। লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের পর তাঁর অভিনয়জীবন শুরু হয় মঞ্চনাটক দিয়ে।
আরও পড়ুন
তবে খুব দ্রুতই তিনি টেলিভিশন জগতে নিজের জায়গা করে নেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘এল.এ. ল’, ‘হিল স্ট্রিট ব্লুস’, ‘সান্তা বারবারা’ সিরিজে বান্নি তাগলিয়াত্তি চরিত্রে, ‘জেনারেল হসপিটাল’-এ জোসেফ চরিত্রে, ‘দ্য মর্নিং শো’-এ ডনি স্পাগনোলি হিসেবে সাম্প্রতিক সময়ে প্রশংসিত হয়েছেন।
জো মারিনেল্লি ছিলেন এক বহুমাত্রিক অভিনেতা। তিনি যেমন পারদর্শী ছিলেন সিরিয়াস ড্রামায়, তেমনি দর্শকদের মন জয় করেছেন হাস্যরসাত্মক চরিত্রে।
অভিনয় করেছেন আরও বহু আলোচিত সিরিজে। যেমন, ‘দ্য ওয়েস্ট উইং’, ‘হাউস’, ‘ডেসপারেট হাউসওয়াইভস’, ‘ভিক্টোরিয়াস’, ‘দ্য অফার’।
জো মারিনেল্লির অভিনয়ের প্রতি নিষ্ঠা এবং চরিত্র বিশ্লেষণের গভীরতা তাঁকে সহকর্মীদের মধ্যেও প্রেরণার প্রতীক করে তুলেছিল। তাঁর মৃত্যুতে ভক্ত, সহশিল্পী এবং হলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
স্বদেশ প্রতিদিন/এমএম