প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১১:১২ AM আপডেট: ১৯.০৬.২০২৫ ১২:৪৭ PM

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ স্লোগানে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় ২৬টি সরকারি ও ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সর্বমোট ৭৫টি স্টলে দেশীয় ফল, উন্নত ফল চাষ প্রযুক্তি, এবং নিরাপদ ফল উৎপাদন প্রক্রিয়া প্রদর্শন করা হচ্ছে।
মেলার উদ্বোধন অনুষ্ঠানের পর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক সেমিনার, যার শিরোনাম ছিল: ‘স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল: বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।
সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা দেশীয় ফলের পুষ্টিগুণ ও অর্থনৈতিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রতিটি মানুষকে ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। ২১ জুন, শনিবার মেলার শেষ দিনে সেরা স্টলকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এই মেলা ফলপ্রেমী সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা চাইলে রাসায়নিকমুক্ত ফল এবং ফলজাত পণ্যও কিনতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/এমএম