প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১০:২৩ AM

শনিবার মধ্যরাত ও রোববার ভোরে ইসরাইলের ওপর দুটি দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৬ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনই উত্তর ইসরাইলে খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি-ইসরাইলি অধ্যুষিত। এদের সবাই আরব ইসরাইলি।
রোববার ভোরের হামলায় মধ্য ইসরাইলের বাত ইয়াম শহরে ৬০ বছর বয়সি এক নারী নিহত হন। ইসরাইলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, সেখানে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, রেহোভোত শহরে হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং রামাত গানেও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে হতাহতের সংখ্যাও থাকতে পারে, তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হামলার আগে ইসরাইলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছিল। তবে হামলার পর সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, যেসব আরব-ইসরাইলি শহরে হতাহতের সংখ্যা বেশি, সেগুলোতে আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকাই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরাইল, আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম