প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১০:৩৭ AM

বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠেছে ভারত। এবার উত্তরাখণ্ডে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আরিয়ান এভিয়েশনের এই হেলিকপ্টারটি উড্ডয়নের মাত্র ১০ মিনিট পর গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি জঙ্গল এলাকায় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে ছয়জনই ছিলেন তীর্থযাত্রী। তাদের মধ্যে একজন শিশু রয়েছে। বাকি একজন ছিলেন পাইলট। তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি কিংবা খারাপ আবহাওয়াকে কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স (টুইটার)-এ দেওয়া এক পোস্টে দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন।
এর আগে ১২ জুন ভারতের গুজরাটে আরও একটি বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি যাত্রীবাহী বিমান ২৩২ যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়ে যায়। আহমেদাবাদ থেকে লন্ডনগামী সেই বিমানটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় ২৭০ জন নিহত হন, যাদের ২৪১ জনই ছিলেন বিমানটির যাত্রী ও ক্রু সদস্য।
ভারতে একের পর এক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: এনডিটিভি
স্বদেশ প্রতিদিন/এমএম