ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট বিএনপি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৫:৪৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৩ জুন) বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিদের আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আমীর খসরু বলেন, বৈঠক নিয়ে আমরা (বিএনপি) সন্তুষ্ট। সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে। ঐকমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদ এবং সংস্কার দুটাই করব।
এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি শেষ হয় বিকেল ৩টা ৩৫ মিনিটে।
স্বদেশ প্রতিদিন/এনআর