প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১:১০ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৯:২৭ PM

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করে দিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্ত এই কারাবন্দিদের মধ্যে ওমানি নাগরিকের পাশাপাশি রয়েছেন বেশ কয়েকজন বিদেশি নাগরিকও।
বৃহস্পতিবার (৫ জুন) সুলতানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
যদিওবা মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে বিদেশি নাগরিকদের সংখ্যা বিবৃতিতে উল্লেখ নেই। তবে এতে বলা হয়েছে, এই বিদেশিদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
বৃহস্পতিবার (৫ জুন) রাজকীয় এক বিবৃতিতে বলা হয়, সুলতান মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারই প্রতিফলন হলো ঈদুল আজহার আগে ৬ শতাধিক কারাবন্দির মুক্তি। এদের মধ্যে বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে খরচ রাষ্ট্র বহন করবে।
সুলতান হাইথাম বিন তারিক মুক্তিপ্রাপ্ত কয়েদি ও তাদের পরিবার-পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখে করে এতে আরো বলা হয়েছে, ওমান সর্বদা দয়া, ঐক্য এবং সামাজিক সংহতিতে সর্বোচ্চ গুরুত্বারোপ করে।
উল্লেখ্য, ১৯৫৫ সালে জন্ম নেওয়া ৬৫ বছর বয়সী হাইথাম বিন তারিক ওমানের সিংহাসনে আরোহন করেন ২০২০ সালে। একই সাথে ওমানের সুলতান ও প্রধানমন্ত্রী তিনি। সিংহাসনে আরোহনের আগে যথাক্রমে তিনি ওমান ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: গালফ নিউজ
স্বদেশ প্রতিদিন/আইজেপি