প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৬:০৮ এএম

তরুণ প্রজন্মকে নতুন এক বিশ্ব গড়তে সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে।
শুক্রবার (৩০ মে) টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা যে সভ্যতা তৈরি করছি, তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করে দেবে। বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানবজাতির টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, কারণ বিশ্বজুড়ে পরিবেশের ওপর ধ্বংসাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে’।
তিনি বলেন, ‘থ্রি জিরো ক্লাব’ ধারণা মূলত তিনটি শূন্যের ভিত্তিতে গড়ে তোলা- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। ভবিষ্যৎ প্রজন্মকেই এ লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে আসতে হবে। এখন সবাই কেবল বেশি মুনাফা করতে চাচ্ছে।
‘থ্রি জিরো ক্লাব’ সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের তিনি আরও বলেন, ‘পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না’।
তরুণ প্রজন্মকে নতুন এক বিশ্ব গড়তে সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে এই নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বলেন, চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে।
ড. ইউনূস বলেন, ‘যদি তোমার মধ্যে সৃজনশীলতা না থাকে, তবে তুমি কিছুই নও...প্রত্যেক মানুষের মধ্যেই সৃজনশীলতা আছে।’
এসময়ে তিনি উদ্যোক্তা তৈরি করতে সামাজিক ব্যবসায় ক্লাব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয় থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ