প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১:৩৭ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো মাদরাসা শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে বিশেষ ব্যাংক হিসাব চালু করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ‘তিলমিয’ নামে এই মুদারাবা মাদরাসা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে মাত্র ১০০ টাকা জমা দিয়ে যেকোনো মাদরাসা শিক্ষার্থী খুলতে পারবে একটি আধুনিক ও শরীয়াহভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট।
১৮ বছরের কম বয়সীরা অভিভাবকের মাধ্যমে, এবং ১৮ বছর পূর্ণ হলে নিজেরাই হিসাব পরিচালনা করতে পারবেন। এই হিসাবের জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হয় না। এমনকি সরকারি স্কলারশিপ, উপহার বা অনুদানের টাকা গ্রহণ করাও যাবে এই একাউন্টে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, ‘মানুষের মাঝে নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা তৈরিতে মাদরাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সুদ নিষিদ্ধ হওয়ায় অনেক শিক্ষার্থী প্রচলিত ব্যাংকিং সেবা ব্যবহার করতে চান না। তাদের জন্যই এই ‘তিলমিয’ হিসাব চালু করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মাদরাসা শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা ২ লাখে পৌঁছানো। শুধুমাত্র অ্যাকাউন্ট খোলাই নয়, আমরা শিক্ষার্থীদের আর্থিক সচেতনতাও প্রদান করছি।’
‘তিলমিয’ হিসাবের সুবিধাসমূহ:- মাত্র ১০০ টাকায় হিসাব খোলার সুযোগ, কোনো সার্ভিস চার্জ বা রক্ষণাবেক্ষণ ফি নেই, আকর্ষণীয় মুনাফা প্রদান, বিনামূল্যে ডেবিট কার্ড ও চেকবই, ফ্রি এসএমএস অ্যালার্ট, সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং সেবা (FSIB Cloud), বাংলাদেশ ব্যাংকের সকল নির্দেশনা অনুসরণে অর্থের নিরাপত্তা।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের লক্ষাধিক মাদরাসা শিক্ষার্থী ব্যাংকিং ব্যবস্থার আওতায় এসে ভবিষ্যতে আত্মনির্ভরশীল হতে পারবে।
স্বদেশ প্রতিদিন/এমএম