
ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি
ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেছেন রিয়াল মাদ্রিদ ডন কার্লো আনচেলত্তি। এর মধ্যে ২৬ জনের দল ঘোষণা করেছেন নতুন এই কোচ। স্কোয়াডে নেই নেইমার-রদ্রিগোদের মতো তারকারা। মূলত চোটের কারণে এই তারকা খেলোয়াড়দের রাখতে পারেননি আনচেলত্তি।
ইতালিয়ান এই কোচকে ঘোষিত ২৬ জনের স্কোয়াড থেকেই বেছে নিতে হবে তার পছন্দের একাদশ। কেমন হতে পারে সেই একাদশ, সম্ভাব্য তালিকাটি সামনে এনেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।
একনজরে দেখে নেওয়া যাক, আনচেলত্তির প্রথম সম্ভাব্য একাদশঃ
আলিসন (গোলরক্ষক), মারকিনিওস, লুকাস বেরালদো, লুইস ওরতিজ, কার্লোস আগুস্তো, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, গারসন, ভিনিসিয়ুস, আন্তনি ও রিচার্লিসন।
গোলরক্ষকঃ
গোলরক্ষক হিসেবে আলিসনের থাকাটা অনেকটাই নিশ্চিত। এই মুহূর্তে আলিসন অনবদ্য ফুটবল খেলছেন। সম্প্রতি লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগও। তাই এই পজিশনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দেখা যাবে আলিসনকে।
ডিফেন্ডারঃ
মারকিনিওস এবার পিএসজির হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন। ঘরোয়া ডাবল জয়ের পর এখন অপেক্ষায় আছেন একটি বাধা পেরিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়েরও। মারকিনিওসের পিএসজি সতীর্থ লুকাস বেরালদোকে ব্রাজিল দলেও তার সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে। এছাড়াও শুরুর একাদশে থাকতে পারেন ফ্ল্যামেঙ্গোর লুইস ওরতিজ।
ফুলব্যাকঃ
ডানপাশে মোনাকোতে খেলা ভ্যান্ডারসন এবং বামপাশে ইন্টার মিলানের হয়ে দারুণ ছন্দে থাকা কার্লোস আগুস্তোকে খেলাতে পারেন আনচেলত্তি। তবে ম্যাচ পরিস্থিতি বুঝে ভ্যান্ডারসনের বদলি হিসেবে দেখা যেতে পারে ফ্ল্যামেঙ্গোর ওয়েসলিকে।
মিডফিল্ডারঃ
আনচেলত্তির আস্থা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্তমান ছন্দের কারণে দীর্ঘদিন পর ব্রাজিলের মিডফিল্ডে দেখা যেতে পারে কাসেমিরোকে। তার সঙ্গে হয়তো জুটি বাঁধবেন নিউক্যাসলের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। ইকুয়েডরের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রাফিনিয়া। ফলে তাকে পরিকল্পনার বাইরে রেখেই একাদশ সাজাতে হবে আনচেলত্তিকে।
ফরোয়ার্ডঃ
নিজের দায়িত্বকালীন সময়ের পুরোটাতেই ভিনিসিয়ুসকেই নিজের আক্রমণভাগের কেন্দ্রে রাখবেন আনচেলত্তি। তার সঙ্গে প্রথম ম্যাচে সুযোগ পেতে পারেন রিয়াল বেতিসে নিজেকে নতুন করে আবিষ্কার করা আন্তনি। আর স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে রিচার্লিসনকে।
এছাড়াও টটেনহাম স্ট্রাইকারের বদলি হিসেবে নামতে পারেন মাতেউস কুনিয়াকে। দুজনের কেউই যদিও সেন্টার ফরোয়ার্ড পজিশনে নিয়মিত মুখ নন। কিন্তু তারা এই পজিশনে অভিজ্ঞ। তাই দু’জনকে এই বিকল্প পজিশনে বাজিয়ে দেখতে চাইবেন এই ইতিলিয়ান আনচেলত্তি।
স্বদেশ প্রতিদিন/আইএমএস