প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:০৫ AM

ঢাকার সাত সরকারি কলেজের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে ঢাকা কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি আগে একই কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার তাকে সাত কলেজের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার লক্ষ্যেই ঢাকা কলেজের অধ্যক্ষ পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ইলিয়াসকে তার অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সব সুবিধা স্থগিত রেখে এবং অন্য পেশা বা প্রতিষ্ঠানে কর্মসংযোগ পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছর এই দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের খবরে আন্দোলনকারী সাত কলেজের শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি ছিল, সাত কলেজকে পরিচালনার জন্য একটি স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো গঠন এবং ইউজিসির সরাসরি তত্ত্বাবধানে আনা। তাদের ভাষ্য, দাবি অনুযায়ী প্রজ্ঞাপন হয়েছে, ফলে আমরা সন্তুষ্ট।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাত কলেজকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে ইউজিসির তত্ত্বাবধানে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এই কাঠামোর সদর দপ্তর থাকবে ঢাকা কলেজে এবং একজন পরিচালক বা প্রশাসক থাকবেন যার মাধ্যমে সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নিয়োগের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেছেন, এখন শিক্ষা মন্ত্রণালয় এর বাস্তবায়নের পরবর্তী ধাপ দেখবে।
ঢাকার সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোতে প্রায় দুই লাখ শিক্ষার্থী এবং এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল এবং তা না মানা হলে কঠোর কর্মসূচি ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিল। শনিবার ইডেন কলেজের গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেয়। সেখানে সাত কলেজের বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে বক্তব্য উপস্থাপন করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর