
আকাবিরে উলামায়ে কেরামের চিন্তা ও দাওয়াতের মানহাজকে ধারণ করে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে জ্ঞান, প্রজ্ঞা, আমল ও দাওয়াতি যোগ্যতায় সমৃদ্ধ করে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ফেনী শহরের এম্বিয়েন্স অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে যারা উপস্থিত ছিলেন
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা ফরীদ উদ্দীন আল মোবারক, বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের পরিচালক মুফতী শামসুদ্দোহা আশরাফী, উজানী কারী ইবরাহিম (রহ.)-এর প্রপৌত্র মুফতী ওমর ফারুক ইব্রাহিমী।
এ ছাড়া ফেনী জেলার শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাও. আবু সাঈদ, মাও. শেখ মিজানুর রহমান, মুফতী আহমাদুল্লাহ কাসেমী, মুফতী ইলিয়াছ বিন নাজেম, মুফতী ফয়জুল্লাহ, মাও. কাসেম, মাও. রুহুল আমিন, প্রিন্সিপাল মাও. নূরুল করীম, মাও. মোজাফফর আহমদ জাফরী, মাও. ইসমাইল হায়দার, মাও. একরামুল হক ভূঞাঁ, মুফতী আবদুর রহমান গিলমান প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সভাপতি মুফতী ইউসুফ কাসেমী। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক।
দাওয়াতি কাজে জ্ঞান ও প্রজ্ঞার ওপর গুরুত্ব
বক্তারা বলেন, দাওয়াতের ময়দানে কাজ করতে হলে আকাবিরে উলামায়ে কেরামের চিন্তা, আদর্শ ও দাওয়াতি মানহাজ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে।
যুগের চ্যালেঞ্জ ও পরিবর্তিত বাস্তবতা উপলব্ধি করে কুরআন-সুন্নাহর আলোকে প্রজ্ঞা, হিকমত ও উত্তম পদ্ধতিতে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া দাঈদের অন্যতম দায়িত্ব।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে শুধু আবেগনির্ভর দাওয়াতি কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই হবে না; বরং তাদের ইলম, আমল, আখলাক, ধৈর্য, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতায় প্রস্তুত করতে হবে।
সমাজ ও সময়ের বাস্তবতা সম্পর্কে সচেতন হয়ে দাওয়াতি ময়দানে কার্যকর ভূমিকা রাখার জন্য তরুণদের সুপরিকল্পিতভাবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
বিভিন্ন বিষয়ে আলোচনা
সম্মেলনে বর্তমান সময়ের দাওয়াতি প্রেক্ষাপট, আকাবিরের দাওয়াতি মানহাজ, তরুণ দাঈদের করণীয়, নতুন প্রজন্মের চিন্তা ও চ্যালেঞ্জ এবং দাওয়াতি কাজে জ্ঞান ও প্রজ্ঞার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা বলেন, বর্তমান সময়ে নানা মতাদর্শ, চিন্তা ও সাংস্কৃতিক প্রভাবের মধ্যে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা ও দাওয়াতি চেতনার সঙ্গে সম্পৃক্ত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
এ লক্ষ্যেই তরুণ আলেম, দাঈ ও দ্বীনের কর্মীদের মধ্যে দাওয়াতি চেতনা জাগ্রত করা এবং তাদের আকাবিরের আদর্শ ও মানহাজের আলোকে প্রস্তুত করার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে ফেনীর বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, দাঈ ও দ্বীনপ্রিয় তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ