প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১০:১৫ পিএম

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি সামরিক ঘাঁটির বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার ডামানিও ঘাঁটির বাইরে সেনাবাহিনীতে ভর্তি হতে আসা তরুণদের সারিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হামলার সময় বহু তরুণ গেটের সামনে অপেক্ষা করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই চারদিকে ছুটোছুটি শুরু হয়। “শরীর ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়েছিল চারদিকে,” বলেন স্থানীয় টুকটুক চালক আবদুলকাদির হাসান মোহামেদ।
এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
রয়টার্সকে দেওয়া বর্ণনায় স্থানীয় বাসিন্দা আবদিসালান মোহামেদ বলেন, “বাসে করে যাওয়ার সময় ঘাঁটির সামনে শত শত কিশোরকে দাঁড়িয়ে থাকতে দেখি। হঠাৎ বিস্ফোরণ ঘটে, ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।”
একজন সামরিক কর্মকর্তা সুলাইমান জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং পুরো ঘটনা প্রত্যক্ষ করেছেন। হামলার পর এলাকায় পড়ে থাকতে দেখা গেছে আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ ও অসংখ্য ছেঁড়া জুতো।
সামরিক হাসপাতালের চিকিৎসকরা জানান, হামলার পর অন্তত ৩০ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে ৬ জন হাসপাতালে আসার আগেই মারা যান।
এদিকে আনাদোলু সংস্থাকে দেওয়া এক সরকারি কর্মকর্তার তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা অন্তত ১১।
ঘটনার পরপরই ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এই হামলা ২০২৩ সালের আরেকটি আত্মঘাতী হামলার কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে পাশের জালে সিয়াদ ঘাঁটিতে ২৫ সেনা নিহত হয়েছিলেন।
রোববারের হামলার আগের দিন হিরান অঞ্চলে সেনা কর্মকর্তা ব্যাটালিয়ন ২৬–এর কমান্ডার কর্নেল আবদিরাহমান হুজালেকে হত্যা করা হয়। ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব সরকারের ভেতরে অনুপ্রবেশ করেছে বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, প্রায় দুই দশক ধরে সোমালিয়া সরকারকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। তারা নিয়মিত সামরিক ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
স্বদেশ প্রতিদিন/কেএইচ