প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১:২৭ পিএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত। রোববার ছিল প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন। তবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এদিনও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মামলার শুনানিতে পরবর্তী দিন হিসেবে ২ জুলাই নির্ধারণ করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে হ্যাকিং করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়। পরে এই অর্থ ফিলিপাইনের কয়েকটি ব্যাংকে স্থানান্তরের পর ক্যাসিনো ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে গায়েব করে দেওয়া হয়। বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনাটি তখন দেশ-বিদেশে আলোড়ন তোলে।
ঘটনার এক মাস পর, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করা হয়। মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। কিন্তু দীর্ঘ আট বছরেও তদন্ত শেষ না হওয়ায় এবং প্রতিবেদন দাখিল না করায় মামলাটি এখনও ঝুলে আছে।
তদন্তে দীর্ঘসূত্রিতা নিয়ে ইতোমধ্যে নানা মহলে প্রশ্ন উঠেছে। এই মামলার দ্রুত নিষ্পত্তি শুধু দেশের অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও জড়িত। মামলাটির কার্যকর অগ্রগতি না হলে ভবিষ্যতে এ ধরনের সাইবার অপরাধ রোধ করাও কঠিন হয়ে পড়বে।
স্বদেশ প্রতিদিন/এনআর