
বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রোববার (১৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১২৪টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদিতে পৌঁছান।
হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। তথ্য এসেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) এবং হজ হেল্প ডেস্ক থেকে।
১২৪টি হজ ফ্লাইটের মধ্যে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬২টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪২টি ফ্লাইট, এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট।
এই যাত্রীদের মধ্যে, সরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন ৪ হাজার ৫৮৩ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৫২০ জন। এ পর্যন্ত ৮৬ হাজার ৭৪০টি ভিসা ইস্যু করা হয়েছে।
চলতি বছর হজ কার্যক্রমে, সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন ৫,২০০ জন, এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।
প্রথম হজ ফ্লাইট ছিল ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা হয়। হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে। হজ অনুষ্ঠিত হবে ৫ জুন (সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ হবে ১০ জুলাই। এবছর হজ কার্যক্রমে হজ এজেন্সির সংখ্যা ৭০ টি।
হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ এবং একজন নারী। মৃতদের পরিচয়, হাফেজ উদ্দিন (৭৩), (বকশীগঞ্জ) (জামালপুর), খলিলুর রহমান (রাজবাড়ী), মো. ফরিদুজ্জামান (কিশোরগঞ্জ), আল হামিদা বানু (পঞ্চগড়), মো. শাহজাহান কবীর (মোহাম্মদপুর, ঢাকা), ফয়েজ উদ্দীন (৭২) (নীলফামারী), অহিদুর রহমান (৭২) (সন্দ্বীপ, চট্টগ্রাম), জয়নাল হোসেন (৬০) (গাজীপুর সদর)।
স্বদেশ প্রতিদিন/এমএম