প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১২:১৪ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ১২:৪০ PM

বৈষমবিরোধী আন্দোলনের ফলাফল যদি বৈষম্যই হয় তাহলে এত মানুষের তাজা রক্ত দেওয়ার কোনো মানেই ছিল না। সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বসাতে হবে কেন? এ কেমন জুলুম! এ কেমন প্রহসন! ২৪'র বিপ্লবকে এভাবে উল্টে ধরলেন কেন এই সরকার? 'ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট' যদি না ভাঙা যায়, তাহলে অদূর ভবিষ্যতে ঢাবি ছাড়া অন্য বিদ্যাপীঠগুলোর শিক্ষার্থীদের বাজেভাবে পস্তাতে হবে। কারণ তারা স্বজনপ্রীতি করবেই। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। ঢাবির বাইরে আর কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মেধাবী নয়? নাকি পদে যেতে গেলে শরীরে ঢাবির রক্ত থাকা লাগবে? ঢাবির কলোনি থেকে বের হতে ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। সরকারের পতনের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশ্ববিদ্যালয় থেকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী। ঢাবি'র থেকে বের হওয়া আন্দোলন পুলিশের বাঁধার মুখে আটকে পড়ে শাহবাগে,তাদের মুক্তির জন্য প্রয়োজনে রসদ যুগিয়েছে জবি আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।
অথচ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাবি শিক্ষার্থী সাবেক তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রিড়া মন্ত্রনলায়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। ড. মোবাশ্বের মোনেম একজন বিতর্কিত ব্যক্তি। তার বিরুদ্ধে ২০২০ সালে একটি অভিসন্দর্ভে চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছিল। গবেষণার চৌর্যবৃত্তি শনাক্ত করার বিশ্বব্যাপী জনপ্রিয় সফটওয়্যার টার্নইটইনের মাধ্যমে অভিসন্দর্ভটি যাচাই করে নিবন্ধের বেশ কিছু অংশ কপি করা বলে জানাগিয়েছিলো। তবে ঢাবি কর্তৃপক্ষের অবস্থান সম্পর্কে জানা সম্ভব হয়নি। ওই প্রবন্ধের শিরোনাম ছিল “দ্য আনটেমড মনস্টার: ইকোনমিক লিবারালাইজেশন অ্যান্ড করাপশন ইন বাংলাদেশ”।
এমন একজন বিতর্কিত ব্যক্তিকে পিএসসি'র চেয়ারম্যান বানালেন, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালেনই না। কারণ তিনি বিতর্কিত হলেও সারা গায়ে যে ঢাবির রক্ত আছে। আর ঢাবির রক্ত থাকা মানেই তিনি পদ পাওয়ার উপযুক্ত ব্যক্তি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সংবিধান সংস্কার কমিটিতে সদস্য হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মুহম্মদ ইকরামুল হক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটির ১০ সদস্যের মধ্যে ঢাবি থেকে আছেন ৩ জন। তারা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কমেস্ট্রি ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ। দেশের বেসরকারি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন নির্বাহী ভাইস চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়গুলোর বেশীর ভাগ নিয়োগ বোর্ডের জেষ্ঠকর্তা হিসাবে থাকেন হয় ঢাবি'র শিক্ষক নতুবা ঢাবি’র সাবেক ছাত্র। এমন ভাবে বিশ্ববিদ্যালয় গুলোর ৮৫ শতাংশ শিক্ষক ঢাবি'র। বৈষম্যের শিকার হচ্ছে জবি-রাবি সহ অনেক বিশ্ববিদ্যালয়।
লেখক: শিক্ষার্থী ও সাংবাদিক।
স্বদেশ প্রতিদিন/আইএমএস