প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১২:৪৭ পিএম

ভারত ও পাকিস্তান সংঘাতের জেরে স্থগিত হয়ছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার পর আগামী শনিবার (১৭ মে) থেকে পুরনায় শুরু হতে যাচ্ছে আইপিএল। গত সোমবার (১২ মে) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
দু'দেশের মধ্যে সাম্প্রতিক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা চলছিলো। তাই গত শুক্রবার (৯ মে) আইপিএল গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, 'সরকার ও নিরাপত্তা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, বাকি থাকা ১৭টি ম্যাচ। যার শুরু ১৭ মে ২০২৫ থেকে এবং ফাইনাল ৩ জুন ২০২৫-এ অনুষ্ঠিত হবে। সংশোধিত সময়সূচিতে রবিবার (১৮ মে) দুটি ম্যাচ থাকবে।'
বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচগুলো। বাকি থাকা ১২টি গ্রুপপর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে-অফ ও ফাইনাল। ১৭ মে থেকে শুরু হয়ে ৩ জুন ফাইনাল ম্যাচ শেষ হবে এই আসর। তবে প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে।
পূর্বের সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ মে। তবে আসর পিছিয়ে যাওয়ায়, আগামী ২৯ মে’র ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ হাতছানি দিচ্ছে। বরাবরের মতো ওয়েস্ট ইন্ডিজের বেশকিছু ক্রিকেটার আইপিএল মাতাচ্ছেন। অপরদিকে ইংল্যান্ড স্কোয়াড এখনও প্রকাশ না করলেও, ইংল্যান্ডের জস বাটলার, ফিল সল্ট, জ্যাকব বেথেল, উইল জ্যাকস, রিস টপলি খেলছেন আইপিএলে যারা ওয়ানডে দলে ডাক পেতে পারেন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস