প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১:৪০ পিএম

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
আজ বুধবার (৩০ এপ্রিল) ভোরে, শ্রী বরাহ লক্ষ্মী নৃসিংহ স্বামী মন্দিরে বার্ষিক চন্দনোৎসবম চলাকালীন এই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, বুধবার ভোরে সিংহচলমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চন্দনোৎসবম উৎসবের সময় ২০ ফুট দীর্ঘ দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে ভক্তদের মধ্যে ৮ জন ঘটনা স্থলে মারা যান। মন্দিরটিতে বার্ষিক চন্দনোৎসবম উৎসব উপলক্ষে ভক্তরা দেবতার ‘নিজরূপ’ দর্শনের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে দেয়ালটি ধসে পড়ে।
দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচলানা করেন।
ঘটনার পরপরই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি অনিতা ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘গত রাতে প্রবল বৃষ্টির কারণে দেয়ালটি ভিজে গিয়েছিল। ভক্তদের চাপের কারণে দেয়ালটি ধসে পড়ে।’
এই হতাহতের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি দেয়াল ধসে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।
জানা গিয়েছে, টিকিটের বিনিময়ে মন্দিরে এই বিশেষ দর্শনের সুযোগ পাচ্ছিলেন ভক্তরা। ৩০০ টাকা দিয়ে তারা দেবতা দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।
প্রতিবছর চন্দনোৎসবের সময় দেবতা শ্রী বরাহ লক্ষ্মী নৃসিংহ স্বামী তার আসল রূপে (নিজারোপা) ভক্তদের কাছে প্রকাশিত হন। সাধারণত সারা বছর ধরে প্রতিমাটি ঢেকে রাখা হয় চন্দনের প্রলেপ দিয়ে। বছরে একবার চন্দনের প্রলেপ সরিয়ে নৃসিংহ স্বামীকে ভক্তদের কাছে তার আসল রূপ দেখানো হয়। এই বিশেষ মুহূর্ত হাজার হাজার ভক্তের কাছে অত্যন্ত শুভ এবং মঙ্গল বলে বিবেচিত হয়। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্ত মন্দিরে জড়ো হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
স্বদেশ প্রতিদিন/এমএম