প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১:৪৮ পিএম আপডেট: ৩০.০৪.২০২৫ ১:৫৬ PM

সারা দেশের প্রতিটি শহর, গ্রাম ও ওয়ার্ডে এক ঠিকানায় সব ধরনের সরকারি সেবা পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন সেবা আউটলেট। জনগণের সুবিধার কথা ভেবে ও দুর্নীতি কমাতে এই সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার (৩০ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে আসছে নতুন সেবা আউটলেট-‘নাগরিক সেবা বাংলাদেশ’। সংক্ষেপে ‘নাগরিক সেবা’। বাংলাদেশের সব শহরে, সব গ্রামে, সব ওয়ার্ডে এই সেবা পৌঁছে যাবে।’
এ উদ্যোগের অংশ হিসেবে সেবাদাতা উদ্যোক্তারা আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকেই আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব।
সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ জনগণ একটি নির্দিষ্ট আউটলেট থেকে বিভিন্ন ধরনের সরকারি সেবা সহজে ও দ্রুততার সঙ্গে পেতে পারবেন বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম