প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১০:২০ AM আপডেট: ০৯.০৪.২০২৫ ১০:২৩ এএম

পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক সহিংসতায় সংঘটিত একটি হত্যার ঘটনায় করা মামলায় ২৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল করিম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—
হাফিজুর রহমান (২৭), তোফায়েল সরদার (৩৯), শামীম সরদার (৩৫), এলমাছ সরদার (৩৪), সোহরাব সরদার (৪৭), নাঈম মল্লিক (৫৭), আব্দুর রাজ্জাক সরদার (৪২), মুসা সরদার (৩২), সামসু সরদার (৩৪), মাওলা সরদার (৩৯), ইউসুফ সরদার (৩৭), ফরিদ আহম্মেদ (৬১), জসিম সরদার (৪১), বাবলু (৪৫), ডালিম তালুকদার (৩১), ফিরোজ সিকদার (৪৩), হাসান গাজী (৩২), সেকান্দার সরদার (৫৭), জামাল (৩৫), শামীম হাওলাদার (২৮), জহিরুল ইসলাম বাবুল (৫২), মন্টু সরদার (৩৫) এবং দুলাল সরদার ওরফে ভয় (৪৫)।
তারা সকলেই বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ মার্চ কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাইদুর রহমান সোহেল মল্লিকের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালান আসামিরা। এই হামলায় সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন। পরদিন ২১ মার্চ তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের ছেলে সাইদুর রহমান সোহেল মল্লিক ওই ঘটনায় বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাত বছরের বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।
পটুয়াখালী আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. ফরিদ হোসেন বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, অপরাধ করে রেহাই পাওয়ার সুযোগ নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে সবসময় দায়িত্বশীলতার সাথে কাজ করি।
স্বদেশ প্রতিদিন/কেএইচ