প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৯:০৬ পিএম আপডেট: ০৭.০৪.২০২৫ ৯:৩৮ PM

গাজায় ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি প্রতিবাদী র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা “ফ্রি ফ্রি প্যালেস্টাইন”, “ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “বয়কট ইসরায়েলি পণ্য”, “ইসরায়েলি জায়নবাদ নিপাত যাক” প্রভৃতি স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন।
র্যালি শেষে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী। ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, 'আসুন ইসরাইলের টাকা ইনকামের যত উৎস আছ, তাদের যত পণ্য আছে সব আমরা নিষিদ্ধ করে দিই। বিকল্প পণ্য ব্যবহার করি।' এছারাও তিনি জাতিসংঘকে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “ইসরায়েল শুধু ফিলিস্তিনের অবকাঠামো ধ্বংস করছে না, বরং তাদের ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করে দেয়ার উদ্যোগ নিয়েছে। ” তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান যেন ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি থাকলে তা বাতিল করা হয়। পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে এসবের বিচারের আবেদন করার আহ্বান জানান।
সমাবেশ শেষে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি