প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৯:২২ পিএম আপডেট: ০৭.০৪.২০২৫ ৯:২৬ PM

রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বার্তায় এই তথ্য জানান।
জানা যায়, সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টায় তাকে অ্যাম্বুলেন্সে কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়। এরপর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শায়রুল কবির খান বলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয় এবং ব্লাড প্রেশারও বেড়ে যায়। রবিবার (৬ এপ্রিল) রাতে তাকে কুমিল্লার মুন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সোমবার (৭ এপ্রিল) সকালে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, বুলুর পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, রবিবার (৬ এপ্রিল) রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন বরকত উল্লাহ বুলু। কুমিল্লার লাকসাম উপজেলা পার হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে, রাত ৯টায় তাকে দ্রুত কুমিল্লা নগরীর মুন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি