প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৪:৪৮ পিএম

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের ও তাদের পরিবারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার উদাসীন। এসব পরিবারের শোক ও মাতম আমরা দেখতে পাই না। তাদের ব্যথা শুধু তাদের পরিবারই বুঝতে পারে। জুলাই আন্দোলনে ১৭/১৮ জন রিকশা শ্রমিক শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলো অনেক কষ্টে জীবনযাপন করছে। তাদের সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়ে করে তাদের বেতন দিতে পারছে না। আজকের অন্তর্বর্তী সরকার যেমন ছাত্রদের, তেমন সাধারণ জনগণ ও শ্রমিকদেরও। এসব পরিবারকে পুনর্বাসন করার দায়িত্ব এই সরকারের।
তিনি আজ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার প্রদানকালে এসব কথা বলেন।
বিএনপি’র মুখপাত্র বলেন, কি সংস্কার করবে না করবে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করছে। নির্বাচন নিয়ে সরকার একেক সময় একেক কথা বলছে। অন্তর্বর্তী সরকার নিখোঁজ হওয়া, হারিয়ে যাওয়া, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা দুনিয়া কাঁপানো আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। তারা নির্বাচন দিতে দেরি করে কেন ?
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহবায়ক শামীম মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সহ-সভাপতি ডা. আব্দুল আওয়াল।
স্বদেশ প্রতিদিন/এনআর