
সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অধ্যক্ষ সম্মেলনে উপহার দেওয়া ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে তথ্যবিভ্রাটের ঘটনায় এক কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং তিন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন যোগাযোগ বিশেষজ্ঞের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ অনুমোদনক্রমে এ সংক্রান্ত আদেশ জারি করেন প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিয়ে রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের গিফটবক্সে ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডার দেয়া হয়। সেই ডেস্ক ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি যুক্ত করা আছে। কিন্তু সেই ছবির ব্যানারে অংশের লেখা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে।
সেখানে লেখা: ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা দেশনেত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।’
বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তিনি লিখেছেন, ‘বিষয়টি আমি স্যোশাল মিডিয়ায় তুলে ধরার পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. মহিউদ্দিন মাহীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে একটি অনাকাঙ্ক্ষিত ভুল পরিলক্ষিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে ক্যালেন্ডারটির উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ইতোমধ্যে বিতরণকৃত ক্যালেন্ডারগুলো ফেরত নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কীভাবে এবং কার অবহেলায় এই অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অন্য আরেকটি ছবি টাইমস অব বাংলাদেশকে সরবরাহ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. মহিউদ্দিন মাহী।
তিনি বলেছেন, ‘আমাদের মূল ছবি ছিল এটি। কিন্তু এটি এডিট করে সুন্দর করতে গিয়ে ওই ভুল হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের উপপরিচালক (ক্যামেরাম্যান) মো. রাশেদুল ইসলাম। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।’