
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে এখনো তাণ্ডব সহিংসতার ক্ষত শুকায়নি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অসহায় বিএনপি নেতা কর্মীরা। আসতে পারছে না প্রকাশ্যে। হচ্ছে না দলীয় কোন কর্মসূচি বাস্তবায়ন। বিএনপির তিনজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও রাজনীতির খারাপ সময় নিয়ে কেন্দ্র থেকে বিভিন্ন জায়গায় দুর্বলতা নিয়ে চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্র চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া আ’লীগের শক্তির উৎস কোথায় খোঁজা হচ্ছে। এ নিয়ে মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত নানা ধরনের অভিযোগ এবং দুর্বলতা খুঁজে পেয়েছে বিএনপি। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরপর বিএনপির একটি অংশ গোপনে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নেয় বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের বিতর্কিত ব্যক্তিদের বিএনপিতে নেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে থানা থেকে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে বিএনপির শীর্ষ পর্যায় নেতারা ছাড়িয়ে নিয়ে গেছে।
অর্থের বিনিময় মনোনয়ন বাণিজ্যের প্রমাণও কেন্দ্রের কাছে এসে পৌঁছেছে। এভাবে ত্যাগি নেতারা আড়ালে চলে যায়। আর হাইব্রিড নেতারা সামনে চলে আসে। তিনজন সংসদ সদস্য, চেষ্টা করেও গোপালগঞ্জকে বিএনপির নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
ইতোমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে মাঠ পর্যায়ে নেতারা লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে গোপালগঞ্জে বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ তুলে ধরা হয়েছে। অভিযোগে সংসদ সদস্য ডা. কে এম বাবরের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে।
গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া ওই অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ওয়াহিদুল হক মোল্লা। তিনি দাবি করেছেন, ডা. কে এম বাবরের বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ, উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এর ফলে দলের দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি, রাজনৈতিক ঐক্য ও জনসমর্থন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তিকে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবস্থানে আনা হচ্ছে। এমনকি অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়া এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের আশ্বাস দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগপত্রে গোপালগঞ্জ সদর ও বিভিন্ন ইউনিয়নের কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের অতীত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক সম্পৃক্ততার বিবরণ দেওয়া হয়েছে।
এ তালিকায় নিজড়া ইউনিয়নের ছানোয়ার হোসেন মিলন, গোপালগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতা হিসেবে পরিচিত; কোটালীপাড়া ইউনিয়নের রানা মোল্লা; উলপুর ইউনিয়নের বাবুল মোল্লা এবং দুর্গাপুর ইউনিয়নের জিলানী খানার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বোয়ালশী ও হরিদাসপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার আরও কয়েকজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় তুলে ধরে তাঁদের বিএনপির রাজনীতিতে যুক্ত করার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, এসব ব্যক্তিকে বিএনপির রাজনৈতিক বলয়ে যুক্ত করার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের আশ্বাস দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের অভিযোগও রয়েছে।
অভিযোগপত্রে গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের প্রসঙ্গও এসেছে। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল । পরবর্তী সময়ে সংসদ সদস্য ডা. কে এম বাবরের সুপারিশে তাঁর দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়।
একইভাবে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিনকে ঘিরে বিতর্কের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। অভিযোগকারীর প্রশ্ন, বিতর্কিত ব্যক্তিদের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার নীতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের তুলনায় তাঁদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন?
অভিযোগে দাবি করা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পারিবারিকভাবে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে বিএনপির বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ পদে দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের পরিবারের রাজনৈতিক পরিচয়, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং স্থানীয় পর্যায়ে তাঁদের প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে।
এ ছাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পর্যায়ের সাবেক নেতার সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে—এমন ব্যক্তিদের বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করার অভিযোগও করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তর নিয়ে বিতর্ক
গোপালগঞ্জ সদর উপজেলার ১৩ নম্বর নিজড়া ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তর নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে ওই চিঠিতে। ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের সাধারণ মানুষের যাতায়াত ও প্রশাসনিক সুবিধার জন্য উপযুক্ত স্থান থেকে সরিয়ে এক প্রান্তে রাশেকুজ্জামান পলাশের গ্রামের বাড়ির কাছাকাছি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও উল্লেখ রয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং সংসদ সদস্যের নির্দেশে পুলিশ পাঠিয়ে স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে। বিষয়টির পেছনে ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাব ছিল কি না, তা তদন্তের দাবি জানানো হয়েছে।
এছাড়া গত ২৫ অক্টোবর পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় সদর উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি সুজন শেখকে গ্রেপ্তারের প্রসঙ্গও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের মাত্র ১৬ ঘণ্টার মধ্যে সংসদ সদস্য ডা. কে এম বাবরের প্রভাব খাটিয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং তাঁকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়। একজন সংসদ সদস্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রভাব বিস্তারের এমন অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সরকারি খালের জায়গায় ভবন নির্মাণের অভিযোগ
গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় সরকারি খালের জায়গা দখল করে পাঁচতলা ভবন নির্মাণের অভিযোগও আনা হয়েছে সংসদ সদস্য ডা. কে এম বাবরের বিরুদ্ধে। বলা হয়েছে, ওই ভবনে আনাফ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিচালিত হচ্ছে। সরকারি খালের জায়গায় ভবন নির্মাণ করা হয়েছে কি না, জমির মালিকানা ও দখলসংক্রান্ত কাগজপত্র এবং ভবন নির্মাণ ও ব্যবসা পরিচালনার অনুমোদন যথাযথভাবে নেওয়া হয়েছে কি না, তা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে।
ত্যাগী নেতাদের অবমূল্যায়নে বাড়ছে অসন্তোষ
অভিযোগপত্রের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে গোপালগঞ্জ বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের বিষয়টি। অভিযোগকারীর দাবি, যারা দীর্ঘদিন মামলা, হামলা, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে এসেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন না করে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ও বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে দলের ভেতরে বিভক্তি তৈরি হচ্ছে এবং ভবিষ্যৎ নেতৃত্বের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।