প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম

সংগৃহীত ছবি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শ্রেণীকক্ষে সিলিং ভেঙে পড়ে তাসলিমা তাপসি নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীরা টিনশেডের একটি কক্ষে বসেছিলেন। এ সময় সিলিং ফ্যান চালু করার সঙ্গে সঙ্গে কক্ষের ওপরের সিলিংয়ের একটি অংশ ভেঙে তাসলিমা তাপসির মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। তাকে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট শ্রেণীকক্ষের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে ইতিপূর্বে অভিযোগ জানানো হয়েছিল। তবে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মেহেদী হাসান বলেন, আহত শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন।