প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম

দেশের ২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক সুবিধা নিজেই চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরুর আগে তিনি বিভিন্ন মডেলের বাইসাইকেল চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা তাঁর সামনে উপস্থাপন করা হয়। কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বাইসাইকেল পাবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের একটি করে বাইসাইকেল দেওয়া হবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি