
কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু না থাকায় গত চার দশক ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের পাঁচ সহস্রাধিক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের তৈরি জরাজীর্ণ সাঁকো দিয়ে নদী পারাপার হতে হচ্ছে আলীশ্বর, শিকারীপাড়া ও পাড়া ভাবকপাড়ার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে একটি সেতুর দাবি জানিয়ে এলেও এখনো তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর ধরে ডাকাতিয়া নদীর ওপর বাঁশের সাঁকোই তিন গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। প্রতিদিন এই সাঁকো দিয়ে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। শুধু সাধারণ চলাচলই নয়, অসুস্থ রোগী পরিবহন কৃষিপণ্য বাজার জাতকরণ এবং দৈনন্দিন প্রয়োজনেও এই সাঁকোর ওপর নির্ভর করতে হয় তাঁদের।
তবে বাঁশের সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষা মৌসুমে ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি ও স্রোতের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন সাঁকো দিয়ে পারাপার করা অনেকটা দুঃসাহসিক কাজে পরিণত হয়। গ্রীষ্মকালে কোনোভাবে চলাচল করা সম্ভব হলেও বর্ষায় শিশু, নারী, বৃদ্ধ ও শিক্ষার্থীদের দুর্ভোগের সীমা থাকে না।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু বছরের পর বছর পার হলেও কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন নদীর দুই পাড়ের মানুষ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পার হতে হয়।
বিশেষ করে বর্ষার সময় শিশুদের স্কুলে পাঠানো এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। দীর্ঘ ৪০ বছর ধরে এই দুর্ভোগ চললেও এখনো একটি সেতু নির্মাণ হয়নি। দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তাঁরা।
লালমাই উপজেলার সাবেক প্রকৌশলী জানান,ডাকাতিয়া নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে পরবর্তী সময়ে নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
দীর্ঘ চার দশকের ভোগান্তি থেকে মুক্তি চান ডাকাতিয়া নদীর দুই পাড়ের মানুষ। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করবে। এতে পাঁচ সহস্রাধিক মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি