প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের একটি ঝুঁকিপূর্ণ গর্তে বালু ও খোয়া ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। মঙ্গলবার রাতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌরনদী বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির সামনে মহাসড়কে বড় একটি গর্তের সৃষ্টি হয়। টানা বৃষ্টিতে গর্তটি পানিতে তলিয়ে যাওয়ায় রাতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। মঙ্গলবার রাতে সেখানে দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এ পরিস্থিতিতে খবর পেয়ে বদিউজ্জামান মিন্টু নেতাকর্মীদের নিয়ে গর্তটিতে বালু ও খোয়া ফেলেন।
তবে এ সংস্কারকে সাময়িক উদ্যোগ উল্লেখ করে মহাসড়কের ওই স্থানটি দ্রুত স্থায়ীভাবে মেরামতের দাবি জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু।
স্বদেশ প্রতিদিন/এস পি