প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:২১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মো. ওমর ফারুক (৪৫) পালিয়ে যান।
বুধবার (২৫ নভেম্বর) বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকার রজ্জব আলী বেপারী বাড়ির একটি ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের ইউনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই বাসার ড্রয়িং রুমে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামি পালিয়ে গেলেও রোকেয়া বেগমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার ড্রয়িং রুমে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনে রাখা অবস্থায় ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নারী নিজ হাতে ইয়াবাগুলো বের করে দেন বলে পুলিশ জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোকেয়া বেগম জানান, পালিয়ে যাওয়া ব্যক্তি তার স্বামী মো. ওমর ফারুক। তিনি কক্সবাজার জেলা থেকে পাইকারি মূল্যে ইয়াবা সংগ্রহ করে বেগমগঞ্জ থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করতেন বলে দাবি করেন আটক নারী। পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আটক রোকেয়া বেগম ও পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি