সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগরে ‘সংখ্যালঘু’ শব্দ দেখতে চাই না: এমপি আব্দুল মান্নান
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ১:১০ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
বঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে বিশ্ব শান্তি কল্পে ৪৮ তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী ভূবনমঙ্গল হরিনাম সংকীর্তনে পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আব্দুল মান্নান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগরে সংখ্যালঘু শব্দ দেখতে চাই না। নবীনগরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে কিছু মাধ্যমে সামাজিক মিডিয়ায় বর্তমান সরকারকে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। আপনারা সে বিষয়ে সজাগ থাকবেন এবং সতর্ক থাকবেন। বর্তমান সরকারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার জন্য বিভিন্ন মিডিয়া ও ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে এবং বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এসময়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীনগর শাখার সভাপতি অজন্ত কুমার ভদ্র এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মনজুরুল আলম মজনু, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহাম্মেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, বিএনপি নেতা সাইদুল ইসলাম সাচ্চু মহুরী, সফিউল ইসলাম দানিস মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি