
মৌসুম শুরুর আগেই বাঙ্গি চাষ করে ভালো ফলন ও লাভের মুখ দেখছেন কুমিল্লার তিতাস উপজেলার কৃষকেরা। তুলনামূলক কম খরচে আগাম বাঙ্গি উৎপাদন করে ভালো দাম পাওয়ায় তাঁদের মধ্যে বাড়ছে উৎসাহ। কয়েকজন কৃষকের সাফল্য দেখে এবার একই গ্রামের আরও অনেকে এ চাষে যুক্ত হয়েছেন।
উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামে কয়েক বছর ধরে হাতেগোনা কয়েকজন কৃষক আগাম বাঙ্গি চাষ করছেন। গত বছরের সাফল্য দেখে এবার আক্তার, আব্দুস সাত্তার, সেলিম, দিলিম, মনির, ফজলু, তফাজ্জল, মহাসিন, বাবুল ও ফজিলত বেগমসহ বেশ কয়েকজন কৃষক এ চাষে যুক্ত হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, জমি থেকে বাঙ্গি তুলছেন কৃষক আক্তারের স্ত্রী ডলি বেগম। তিনি জানান, এবার ২০ শতক জমি বন্ধক নিয়ে বাঙ্গি চাষ করেছেন। ফলনও হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। প্রতিটি বাঙ্গির ওজন ৫ থেকে ১৪ কেজি। আকার ও মানভেদে একেকটি বাঙ্গি ৩০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
ডলি বেগম বলেন, ‘আগেও বাঙ্গি চাষ করেছি। কিন্তু এবার যেভাবে ফলন পেয়েছি, আগে কখনো এমন হয়নি। অল্প খরচেই ভালো ফলন হয়েছে।’
স্থানীয় কৃষক দিলিম প্রায় দেড় কানি জমিতে বাঙ্গি চাষ করে প্রায় দুই লাখ টাকা বিক্রি করেছেন। মনির ১০ শতক, আব্দুস সাত্তার ৩৫ শতক, সেলিম ও ফজলু ২০ শতক করে এবং ফজিলত বেগম চার শতক জমিতে বাঙ্গি চাষ করেছেন। মহাসিন ১০ শতক জমির বাঙ্গি বিক্রি করে পেয়েছেন প্রায় ৮০ হাজার টাকা।
ডলি বেগম জানান, ‘সিমরা’ জাতের বাঙ্গির বীজ গত বছর ভালো ফলন পাওয়া কৃষকদের কাছ থেকে সংগ্রহ করেন তাঁরা। ভাদ্র মাসে বীজ থেকে চারা তৈরি করে আশ্বিন মাসের শেষ দিকে জমিতে রোপণ করেন। রোপণের প্রায় এক মাসের মধ্যে গাছে ফল আসতে শুরু করে। উৎপাদিত বাঙ্গি জাহাপুর, মাছিমপুর, শ্রীপুর, কাশিপুর ও বাতাকান্দি বাজারে বিক্রি করা হয়।
আগাম বাঙ্গি চাষে ভালো ফলন ও লাভ হওয়ায় আগামী বছর এলাকার আরও বেশি কৃষক এ চাষে যুক্ত হবেন বলে আশা করছেন স্থানীয়রা।
তিতাস উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, কয়েক বছর ধরেই এ অঞ্চলের কয়েকজন কৃষক আগাম বাঙ্গি চাষ করেছেন। তবে এ বছর ফলন তুলনামূলক বেশি হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দিতেও কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি