প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:২০ পিএম

ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন এক নারী খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার( ২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় পুত্র সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারী।
স্থানীয় বাসিন্দা ইমন হাওলাদার জানান, বিগত কয়েকদিন ধরেই ওই নারী দপদপিয়ার জুরকাঠী এলাকায় অবস্থান করেছিলেন। মঙ্গলবার শেষ বিকেলে সবার অগোচরে তিনি খোলা আকাশের নিচে কারও সহায়তা ছাড়াই পুত্র সন্তান প্রসব করেন। বিষয়টা আমাদের নজরে আসলে আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি।
খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং নবজাতককে সাময়িকভাবে স্থানীয় বাসিন্দা মো. নুরুল আমিনের জিম্মায় রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) প্রতীক কুমার কুন্ডু আরও জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তার পরিবার খোঁজার চেষ্টা করছি। তাদের খোঁজ পেলে সন্তানসহ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে আর না পেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তরের শিশু কেন্দ্রে প্রেরন করা হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি