বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর      ● সন্দ্বীপে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু      ● মোবাইল ফোনে অস্ত্রের ছবি,জিজ্ঞাসাবাদে মিলল পিস্তল -বন্দুকের সন্ধান      ● গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে : রাশেদ খাঁন      ● শেরপুরে লোটোর গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার জুতা      ● খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩      ● বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ      ● কাহারোলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন      
এশিয়ার শকুন বাঁচানোর সম্মেলন বসেছে সুন্দরবনে
প্রতিনিধি, কয়রা (খুলনা)
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম

সুন্দরবনে শুরু হয়েছে এশিয়ার শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক জোট ‘সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিঙ্কশন’ (সেভ—SAVE)-এর ২০২৬ সালের বার্ষিক সভা। 
বুধবার (২৫ নভেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী এ সভায় ১০টির বেশি দেশ থেকে ৪৫ জনের বেশি সংরক্ষণকর্মী, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বাংলাদেশ বন অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা করছে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সহায়তা দিচ্ছে দ্য পেরেগ্রিন ফান্ড ও দ্য রাফোর্ড ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষণবিদ ইনাম উল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভের চেয়ারপারসন জেমিমা প্যারি-জোনস। স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।

শকুন সংরক্ষণে বাংলাদেশ এশিয়ার অন্যতম অগ্রগামী দেশ। ২০১০ সালে পশুচিকিৎসায় শকুনের জন্য ক্ষতিকর ওষুধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করে বাংলাদেশ। এরপর ২০১৪ সালে দুটি শকুন নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়। ২০২১ সালে পশুচিকিৎসায় কিটোপ্রোফেন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। এশিয়ায় বাংলাদেশই প্রথম এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করে।
শকুন সংরক্ষণে দেশে সম্পূরক খাদ্য সরবরাহ, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইটের মাধ্যমে গতিবিধি অনুসরণ, আহত শকুন উদ্ধার ও পুনর্বাসনের মতো কার্যক্রম চলছে। পাশাপাশি বাস্তবায়ন করা হচ্ছে জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা।

সুন্দরবনে এ সভা আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়েছে বাংলাদেশের সর্বশেষ দুটি সাদা-পিঠ শকুনের প্রজনন কলোনির একটি। মহাবিপন্ন প্রজাতির এই শকুনের বৈজ্ঞানিক নাম Gyps bengalensis। সুন্দরবন দেশের দ্বিতীয় শকুন নিরাপদ অঞ্চলের কেন্দ্রস্থলেও অবস্থিত।
দুই দিনের সভায় এশিয়াজুড়ে শকুন সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বৈজ্ঞানিক তথ্য বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের নিরাপত্তা, বিষক্রিয়া প্রতিরোধ, শকুনের সংখ্যা পুনরুদ্ধার এবং দেশগুলোর মধ্যে সমন্বিত সংরক্ষণ উদ্যোগ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শকুন এক দেশ থেকে অন্য দেশে চলাচল করায় কোনো একটি দেশের একক উদ্যোগে এদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। সুন্দরবনের এই সম্মেলন এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে দেশগুলোর মধ্যে অংশীদারত্ব ও যৌথ উদ্যোগ জোরদারে ভূমিকা রাখবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   শকুন সংরক্ষণ   আন্তর্জাতিক সম্মেলন   এশিয়া   SAVE   সাদা-পিঠ শকুন   খুলনা   বন অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close