
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলয়ানী এলাকায় মেঘনা নদীর শাখা নদীর ওপর সেতু নির্মাণ কাজের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ৬ মাস পেরিয়ে গেছে। কিন্তু সেতুর কাজে মাত্র ২০ শতাংশ শেষ হয়েছে। বাকি ৮০শতাংশ কাজ কবে নাগাদ শেষ হবে, তা জানেন না কেউ। সেতুটি নির্মাণে ধীরগতির কারণে উপজেলার ইমামপুর ষোলয়ানী,বেরুমোল্লাকান্দী বড়কালীপুরা ও চরঝাপটা গ্রামসহ ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
এ কারণে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ সেতুতে শাখা নদীটি ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।
গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন(পিআইও) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের 'ষোলয়ানী আশ্রয়ন প্রকল্পের রাস্তায় গার্ডার ব্রীজ নির্মাণ' প্রকল্প নামে মেঘনা নদীর শাখ নদীর ওপর
১৫ মিটার দৈর্ঘ্য ৫ মিটার প্রস্থ ও ৬ মিটার উচ্চতা বিশিষ্ট সেতু নির্মাণের জন্য ১ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা প্রাক্ক্যলিত ব্যয় ধরে, ২০২৪ সালের ২৫ মে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বিক্রমপুর এন্টার প্রাইজকে পরবর্তী দুই বছরে সেতু নির্মাণ কাজ সম্পন্ন করার শর্তে কার্যাদেশ দেয়া হয়েছিল।
২০২৬ সালের ৩০ জুন নির্মাণ কাজের সময় পেরিয়ে আরো ৫ মাস অতিবাহিত হলেও নির্মাণ কাজের মাত্র ২০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে দাবী করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্হানীয়দের যাতায়াত সহজ করতে ও ভোগান্তি কমাতে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেতুর কাজ শেষ না হওয়ায় প্রতিদিন ষোলয়ানী,বেরুমোল্লাকান্দী বড়কালীপুরা ও চরঝাপটা গ্রাম ও ষোলয়ানী আবাসন প্রলল্পের শতাধিক পরিবারের মানুষসহ ইমামপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ষোলয়ানী আবাসন প্রকল্প ও ৬৫ নম্বর চরকালীপুরা বেরুমোল্লাকান্দী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকা থেকে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
ষোলয়ানী গ্রামের বাসিন্দা শাহ আলম ও সোবহান ফকির বলেন, সেতু নির্মাণ শুরুর পর থেকে এক দিন কাজ হলে তিন মাস বন্ধ থাকে। আড়াই বছর আগে কাজ শুরু হলেও গড়ে দুই মাসও কাজ হয়নি। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সেতু নিমাণ আসলে হবে কী না জানিনা।
স্হানীয় আবাসন প্রকল্পের বাসিন্দা আসমানী বেগম ও সুবেদ আলী বলেন, প্রতি শনি ও মঙ্গলবার হাটবারে আমাদের জমিতে উৎপাদিত সবজি ও মালামাল নিয়ে হাটে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে।
মো. শহিদুল্লাহ মিয়া(মাষ্টার) সেতু নির্মাণ কাজ শীঘ্র শেষ করে তাদের দুর্ভোগ লাগবের দাবী জানিয়েছেন।
সম্প্রতি এক দুপুরে সরেজমিন দেখা যায়, সেতু নির্মাণ স্হলের পাশে নদীর ওপর আড়াআড়ি একটি লম্বা সেতু ঝুঁকি নিয়ে বিভিন্ন বয়সী মানুষ সতর্কতার সাথে নদী পারাপার হচ্ছে।
সেতুটি নির্মাণের জন্য ১৮টি খুঁটির (পাইলিং ক্যাব) নির্মাণ কাজ শুরু করলেও, নদীর পানির স্তরের ওপরি ভাগ দৃশ্যমান কোন কাজ দেখা যায়নি। ।
স্থানীয় চায়ের দোকানি বাবুল মিয়া বলেন, এভাবে কাজ করলে কবে শেষ হবে, তা কেউ বলতে পারবে না। প্রায় প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসার পথে সাঁকো পারাপারের সময়ে শিশু শিক্ষার্থী হোচট খেয়ে পরে গিয়ে জখম হওয়ার ঘটনা ঘটে বলে জানালেন,
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রহিমা খাতুন ও সাদিয়া আক্তার। দীর্ঘ দিনেও সেতু নির্মাণ কাজ দৃশ্যমান না হওয়ায় ব্যক্তিগত টাকা ব্যয় করে একটি সাঁকো তৈরী করে দেয়ার কথা জানালেন ইমামপুর ইউনিয়নের ৭ নম্বরর ওয়ার্ডের মেম্বার সোলায়মান মিয়া।
গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ যথা সময়ে সম্পন্ন করতে কয়েকটি তাগাদা পত্র দিয়েও কাঙ্খিত ফল পাওয়া যায়নি।
নির্মাণ প্রতিষ্ঠান মেসার্স বিক্রমপুর এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী তমাল মোবাইল ফোনে জানিয়েছেন, সেতু নির্মাণস্হলে পিলারের বেইজ নির্মাণ করা হয়েছে, সময় বৃদ্বির জন্য আবেদন করা হয়েছে বলে তিনি দাবী করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি