প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ AM

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বৃদ্ধি এবং লিবিয়ার গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন চালু হওয়ায় সরবরাহ ঘাটতির আশঙ্কা কমেছে। এতে সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ২০ সেন্ট বা ৩ দশমিক ৪৬ শতাংশ কমে ৮৯ ডলার ৩৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ২৪ সেন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে ৮০ ডলার ১৭ সেন্টে নেমে আসে। লিবিয়ার শারারা তেল পাইপলাইন চালু হওয়ায় সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে তেল সরবরাহ বৃদ্ধির খবরও দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে।
বিনিয়োগ ব্যাংক জেপি মরগান পূর্বাভাস দিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের শেষের দিকে নেমে আসতে পারে। তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলার খবর এবং সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এদিকে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীরা ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নিয়ে বৈঠকে বসবেন।
স্বদেশ প্রতিদিন/এস পি