প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ AM

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহর প্রার্থিতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও চীনের বিরোধিতা। সুদানের সংঘাতে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে তাঁর প্রার্থিতা নিয়ে আপত্তি উঠেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থী চূড়ান্তভাবে এগিয়ে যেতে পারেননি। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ ভোটে কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান ১০টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরোধিতার কারণে তাঁর প্রার্থিতাও বাধার মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি পেয়েছেন আটটি সমর্থনসূচক ভোট এবং তিনটি বিরোধিতার ভোট। অন্যদিকে, লানা নুসাইবেহ পেয়েছেন সাতটি সমর্থনসূচক ভোট। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমর্থন থাকলেও যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন তাঁর বিরোধিতা করেছে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে। নুসাইবেহর প্রার্থিতা নিয়ে যুক্তরাজ্যের প্রায় ৭০ জন সংসদ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে চিঠি দিয়েছেন। তাঁদের অভিযোগ, সুদানে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদন তিনি বারবার অস্বীকার ও খাটো করে দেখিয়েছেন। এসব অভিযোগ অস্বীকার করে আসছে আমিরাত।
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য আমিরাতের ভাড়াটে যোদ্ধা নিয়োগ ও অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। দারফুরে গণহত্যার জন্য আরএসএফকে দায়ী করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এদিকে, মহাসচিব পদে দায়িত্ব পালনের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার কথা বিবেচনায় নিয়ে আমিরাত সরকারের মন্ত্রীর পদ থেকে সাময়িক ছুটি নিয়েছেন নুসাইবেহ। মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি সমর্থনসূচক ভোট প্রয়োজন। তবে পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটির বিরোধিতা থাকলে কোনো প্রার্থী নির্বাচিত হতে পারবেন না।
স্বদেশ প্রতিদিন/এস পি