
সংগৃহীত ছবি
বিয়ের আগে প্রেম বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া অনেকের জন্য দ্বীনের পথে ফেরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। অনেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজানে রোজা রাখেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন। কিন্তু অতীতের কোনো অবৈধ সম্পর্কের কারণে অপরাধবোধে ভোগেন। এমন পরিস্থিতিতে ইসলামে আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে।
কামনা-বাসনাপূর্ণ কথাবার্তা, নির্জনে দেখা করা, অনৈতিক চ্যাটিং, স্পর্শ কিংবা অশালীন আচরণ—এসব থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসলাম। তবে কেউ অতীতে এমন কোনো গুনাহে জড়িয়ে পড়লে হতাশ হওয়ার কারণ নেই। বরং আন্তরিকভাবে তওবা করে সেই পথ থেকে ফিরে আসতে হবে।
খাঁটি তওবার জন্য যেসব করণীয় রয়েছে—
১. অনুশোচনা করা: অতীতে করা ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে। গুনাহের বিষয়টি উপলব্ধি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
২. গুনাহ থেকে অবিলম্বে ফিরে আসা: অবৈধ সম্পর্ক বা গুনাহের সঙ্গে জড়িত সব ধরনের কাজ বন্ধ করতে হবে। যে যোগাযোগ বা আচরণ গুনাহের দিকে নিয়ে যায়, তা থেকেও দূরে থাকতে হবে।
৩. ভবিষ্যতে আর না করার সংকল্প করা: জীবনে আর কখনো এ ধরনের গুনাহে জড়াবেন না—আল্লাহর কাছে এমন দৃঢ় অঙ্গীকার করতে হবে।
৪. আন্তরিকভাবে তওবা করা: আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাইতে হবে। চাইলে দুই রাকাত নফল সালাত আদায় করে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা যায়।
৫. বেশি বেশি ইস্তিগফার করা: প্রতিদিন ‘আস্তাগফিরুল্লাহ’ পাঠসহ বিভিন্ন ক্ষমা প্রার্থনার দোয়া পড়তে হবে এবং নেক আমল বাড়াতে হবে।
ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর মতে, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা তওবা করার পর বর্তমান স্বামী বা স্ত্রীকে নতুন করে জানানো জরুরি নয়। বরং অপ্রয়োজনীয়ভাবে অতীতের বিষয় প্রকাশ করলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও অশান্তি তৈরি হতে পারে। তবে এ বিষয়ে পরিস্থিতি ও সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার বিবেচনা করা প্রয়োজন।
এ প্রসঙ্গে পবিত্র কোরআনে নারী-পুরুষ উভয়কে দৃষ্টি সংযত রাখা ও পবিত্রতা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
পুরুষদের উদ্দেশে মহান আল্লাহ বলেন, ‘মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে, আল্লাহ সে সম্পর্কে অবহিত।’ (সুরা নুর, আয়াত: ৩০)
নারীদের উদ্দেশেও আল্লাহ তাআলা বলেন, ‘ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে...।’ (সুরা নুর, আয়াত: ৩১)
এ ছাড়া মহান আল্লাহ জেনার কাছাকাছি যেতেও নিষেধ করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর তোমরা জেনার কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।’ (সুরা ইসরা, আয়াত: ৩২)
অন্যদিকে বৈধ উপায়ে বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রীর ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা পূরণের সুযোগ দিয়েছে ইসলাম। তাই বিয়ের আগে অবৈধ সম্পর্কে না জড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করাই প্রত্যেকের কর্তব্য।
তবে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া গুনাহ হলেও এর কারণে কেউ স্বয়ংক্রিয়ভাবে ইসলাম থেকে বের হয়ে যায় না কিংবা তার সব নেক আমল নষ্ট হয়ে যায় না। আন্তরিকতা ও শরিয়তের বিধান মেনে আদায় করা নামাজ, রোজা, দান-সদকা, দোয়া ও কোরআন তিলাওয়াতের মতো নেক আমলগুলোও এর কারণে আপনা-আপনি বাতিল হয়ে যায় না। তবে সংশ্লিষ্ট গুনাহের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
তাই এমন সম্পর্কে জড়িয়ে পড়লে হতাশ না হয়ে দ্রুত তওবা করে ফিরে আসতে হবে। মহান আল্লাহ আন্তরিক তওবার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায়, তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত।’ (সুরা তাহরিম, আয়াত: ৮)
আল্লাহ আমাদের সবাইকে পাপ থেকে বিরত থাকার এবং আন্তরিকভাবে তওবা করার তাওফিক দান করুন। আমিন।