প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম

সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় আট দফা দাবিসংবলিত একটি ব্যানারও বহন করেন মিছিলকারীরা।
একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে গিয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ঘটনাস্থলে প্রায় পাঁচ মিনিট অবস্থান করার পর সেখান থেকে চলে যান। এদিকে কার্যালয়ের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বাইরে বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিছিলকারীরা সড়কে প্রায় ১০ মিনিট অবস্থান করে পরে সরে যান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। পরে তারা কার্যালয়টির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। এ সময় জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনাকে কেন্দ্র করে চৌমুহনী পূর্ব বাজার এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।