প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম

গাইবান্ধায় হেরোইন মামলায় মো. তৌহিদ আরমান সীমান্ত (৩৩) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বুধবার দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি তৌহিদ আরমান সীমান্ত আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত তৌহিদ আরমান সীমান্ত গাইবান্ধা পৌরসভার গোডাউন রোড পশ্চিমপাড়ার মো. রোমান আরেফিন( ন্যাটা) সুমনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে গাইবান্ধা সদর থানার এসআই মো. সাইবউদ্দিন সরকার ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাইবান্ধা পৌরসভার পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলের সামনে মাদক কেনাবেচা চলছে। এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করলে পালানোর সময় মো. শহিদুল ইসলাম শান্তর মাইক্রো গ্যারেজের ভেতর থেকে অভিযুক্ত তৌহিদ আরমান সীমান্তকে ৪ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৩ হাজার টাকা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও বিচার শেষে আদালত এই রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। এই মামলার রায়ে তিনি সন্তুষ্ট। তিনি আরও বলেন, দেশব্যাপী মাদকের করাল গ্রাসে যুবসমাজ মাদকাসক্ত হয়ে বিপদগামী হওয়া থেকে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এড. আবু আলা সিদ্দিক ইসলাম রিপু।