প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি ব্যয় কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) তুলনায় সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচলিত বিদ্যুৎকেন্দ্রের মতো প্রতিদিন জ্বালানি সরবরাহের প্রয়োজন হয় না পারমাণবিক কেন্দ্রে। একবার জ্বালানি লোড করার পর প্রায় ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে জ্বালানি পরিবহন, মজুত ও সরবরাহের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়।
রূপপুরের জ্বালানি সরবরাহের জন্য ২০১৯ সালে করা চুক্তি অনুযায়ী, একবার জ্বালানি পুনঃভরণে ব্যয় ধরা হয়েছিল ৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৭৬২ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে শুধু জ্বালানি ব্যয় প্রতি ইউনিটে প্রায় ৮ টাকা হতে পারে। তবে কয়লার দাম, গুণগত মান ও বিনিময় হারের ওপর এ ব্যয় পরিবর্তিত হয়। তাই পারমাণবিক জ্বালানির একবারের পুনঃভরণ ব্যয়ের সঙ্গে কয়লার প্রতি ইউনিট ব্যয়ের সরাসরি তুলনা করা যায় না।
রূপপুরের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। তবে বিদ্যুতের প্রকৃত উৎপাদন ব্যয় নির্ধারণে শুধু জ্বালানির দাম নয়, কেন্দ্র নির্মাণ, ঋণের সুদ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যয়ও বিবেচনায় নিতে হবে। রাশিয়া কেন্দ্রটির জ্বালানি সরবরাহ করবে এবং চুক্তি অনুযায়ী ব্যবহৃত জ্বালানি ফিরিয়ে নেওয়ার বিষয়টিও রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি