প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান। তবে কোন হত্যা মামলায় এবং কার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গুলশান থানা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সাঈদ খোকনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তাঁর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তাঁর বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। আদালতে দাখিল করা আবেদনে এসব হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়। ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশে-বিদেশে সম্পদ অর্জনের অভিযোগও করা হয়। এ ছাড়া সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
স্বদেশ প্রতিদিন/এস পি