প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম

সংগৃহীত ছবি
চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টারখ্যাত অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তাকে এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। সেখানেই উজ্জ্বলের হাতে আজীবন সম্মাননা তুলে দেয়া হবে। সম্প্রতি চিঠির মাধ্যমে অভিনেতাকে বিষয়টি জানিয়েছে সিজেএফবি। একই সঙ্গে নির্ধারিত দিনে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। চিঠিতে চলচ্চিত্র শিল্পে তার বিশেষ অবদানের কথা উল্লেখ করা হয়েছে।
দেশের চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দিয়ে আসছে সিজেএফবি। সংগঠনটির গত ২৪ বছরের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন ও সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন গুণী ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতাউল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, গোলাম সারওয়ার, শবনম ও তারিক আনাম খান। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে উজ্জ্বলের নাম।
জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন সিজেএফবি। পারফরম্যান্স অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রতি বছর বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেয় সংগঠনটি। এবার ২৫তম আসর আয়োজন করতে যাচ্ছে তারা।