প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম

সংগৃহীত ছবি
দিনাজপুরের খানসামা উপজেলার শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের একটি মূর্তি পাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। মূর্তিটি সোনার নাকি পিতলের তৈরি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। খবর ছড়িয়ে পড়ার পর মূর্তিটি দেখতে ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ছাতিয়ানগড় দক্ষিণ জেলে পাড়া (জ্যোতিষ মাস্টার পাড়া) এলাকার শ্মশান ঘাটে বটগাছের নিচে মাটি খুঁড়ে মূর্তিটি পান বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা মন্টু সরকারের ছেলে ও ইপিজেড কর্মী প্রদীপ সরকার (২৫)।
প্রদীপ সরকার জানান, প্রায় সাড়ে চার বছর ধরে তিনি স্বপ্নে রাধা-কৃষ্ণের মূর্তি দেখছেন। তাঁর দাবি, শুক্রবারও স্বপ্নে তাঁকে মূর্তিটি বাড়িতে নিয়ে আসার কথা বলা হয়। পরে সকালে বাড়ির পাশের শ্মশান ঘাটে বটগাছের নিচে মাটি খুঁড়ে তিনি মূর্তিটি পান। এরপর ঢাকঢোল বাজিয়ে ও পূজা-অর্চনার মাধ্যমে মূর্তিটি বাড়িতে নিয়ে আসেন।
তিনি আরও দাবি করেন, মূর্তিটি উদ্ধারের সময় এতে কোনো মুকুট ছিল না। বাড়িতে নিয়ে আসার পর প্রার্থনা করতে গেলে স্বপ্নে মুকুটের কথা বলা হয়। পরে ঘরে গিয়ে নিজের টেবিলে একটি মুকুট দেখতে পান এবং সেটি মূর্তিতে পরিয়ে দেন। এ ছাড়া পাঁচ বছর পর আবারও রাধা-কৃষ্ণের মূর্তি পাওয়ার স্বপ্ন দেখেছেন বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মূর্তিটি বাড়িতে নিয়ে আসার পর সেখানে পূজা-অর্চনার পাশাপাশি খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। মূর্তিটি দেখতে আসা মানুষের মধ্যে কেউ এটিকে সোনার তৈরি বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি পিতলের তৈরি।
তবে মূর্তিটি প্রকৃতপক্ষে কোন ধাতু দিয়ে তৈরি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর ধাতব উপাদান ও প্রকৃত মূল্য নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে, বিষয়টি ছড়িয়ে পড়ার পর খানসামা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। পরিদর্শন শেষে পুলিশ মূর্তিটি প্রদীপ সরকারের বাড়িতেই রেখে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘিরে এলাকায় এখনো ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে।