প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:০০ পিএম

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। তাই জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, অনুদান প্রয়োজন।
প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ। ভাষণে তিনি ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য, ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন। পাশাপাশি নারী ও তরুণদের জলবায়ু কার্যক্রমে সম্পৃক্ত করা এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে নির্গমন কমানোর আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এস পি