প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম

সংগৃহীত ছবি
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ডামুড্যা বাজারে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। বাজারের বিভিন্ন স্থানে ড্রেন ভেঙে যাওয়া, ময়লা-আবর্জনায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে থাকা এবং বাজারসংলগ্ন স্থানে পৌরসভার বর্জ্য ফেলার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।
বাজারের বিভিন্ন স্থানে ড্রেনের একাধিক অংশ ভাঙা ও ময়লা-আবর্জনায় আটকে রয়েছে। ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও জমে থাকা নোংরা পানি থেকে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ। পাশাপাশি এসব স্থানে মশার প্রজননের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল তৈরি হওয়ায় ডেঙ্গুর ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।
এদিকে ডামুড্যা বাজারের পাশেই ফেলা হচ্ছে পৌরসভার বিভিন্ন ধরনের বর্জ্য। এতে সেখানে ময়লা-আবর্জনার স্তূপ জমে পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে ওই এলাকা দিয়ে চলাচল করতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও এখন পর্যন্ত সমস্যা সমাধানে দৃশ্যমান কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করা বৃদ্ধ রিকশাচালক আব্দুর রউফ বলেন, “এত দুর্গন্ধের মধ্য দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয়। খুব কষ্ট হয়। কিন্তু আমাদের কিছুই করার নেই। প্রশাসনের পক্ষ থেকেও এখানে কার্যকর কোনো উদ্যোগ নেই।”
বিষয়টি নিয়ে ডামুড্যা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ূবীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিষয়টি অবহিত করার জন্য ধন্যবাদ। সুনির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের সব ইতিবাচক উদ্যোগে আপনাদের সহযোগিতা কামনা করছি।”
তবে স্থানীয়দের প্রত্যাশা, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত ভাঙা ড্রেন সংস্কার, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বাজারসংলগ্ন বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থা নেবে পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান তাঁরা।