প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪১ AM

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কিরিশিনেফতেওর্গসিনতেজে (কিনেফ) ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার (৯ নভেম্বর) লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত শোধনাগারটিতে হামলায় তিনটি প্রধান তেল প্রক্রিয়াকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর ইউরোনিউজের।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো জানিয়েছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে ১১৩টি ড্রোন ভূপাতিত করেছে। তবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ ভসেভোলোজস্ক শহরের একটি বহুতল ভবনের ছাদে আঘাত হানলে এক বাসিন্দা নিহত হন। সুরগুতনেফতেগাজ গোষ্ঠীর মালিকানাধীন কিনেফে বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়, যা রাশিয়ার মোট পরিশোধন সক্ষমতার প্রায় ৭ শতাংশ।
এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে দেশটিতে ৩১৭টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে ২৭৬টি ভূপাতিত করা হয়েছে। তবে ৩১টি স্থানে ড্রোন আঘাত হেনেছে এবং আরও নয়টি স্থানে ধ্বংসাবশেষ পড়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এসব হামলায় হতাহত ও স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওদেসায় একটি খাদ্যপণ্যের গুদামে হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ, জাপোরিঝঝিয়া ও পোলতাভাসহ কয়েকটি অঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি